বাসায় শয্যাশায়ী কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান। ডায়বেটিকস সহ নানা রকম বার্ধক্যজনিত রোগ থাকার কারণে তার সার্জারি করা সম্ভব হয়নি বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন রাহাত খানের স্ত্রী অপর্ণা খান।

বৃহস্পতিবার বিকেলে অপর্ণা বলেন, চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন হাসপাতালে থেকেও কোনো লাভ হবে না। ডায়েবেটিস, কিডনী, হার্টে সমস্যা থাকার কারণে কোনো সার্জারি করা যাবে না। এখন বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হচ্ছে।

গত ২০ জুলাই রাহাত খানকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। এর আগের দিন বাসায় খাট থেকে নামতে গিয়ে কোমরে ব্যথা পান তিনি। এরপর চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে পাঁজরে গভীর ক্ষত ধরা পড়ে। এর পাশাপাশি তার শ্বাসকষ্ট দেখা দিলে জরুরি ভিত্তিতে তাকে বারডেম হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়।

অপর্ণা খান জানান, মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। যার জন্য তার চিকিৎসা প্রক্রিয়াটা জটিল হয়ে পড়েছে। এখন বাসায় থাকা ছাড়া কোনো উপায় নাই। হাসপাতালে নিয়ে সার্জারি করা যাচ্ছে না। একটা পা পুরোপুরি অবশ হয়ে আছে। পাশাপাশি কোমরের সমস্যার জন্য বিছানা থেকে উঠতে সমস্যা হচ্ছে। এখন এভাবেই চলতে হবে বলে চিকিৎসকেরা আমাদের জানিয়ে দিয়েছেন।

করোনা প্রাদুর্ভাবের পর থেকে সার্বক্ষণিকভাবে বাসাতেই অবস্থান করছিলেন রাহাত খান। কিন্তু পরে গিয়ে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এখন শয্যাশায়ী এই সাহিত্যিক।