রাজশাহী জেলার গোদাগাড়ীতে বৃহস্পতিবার তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
উপজেলার বসন্তপুর জামাদানি এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আরোহী ঘটনাস্থলে মারা গেছেন।
নিহত ফারুক (৩২) বাঘা উপজেলার সোনাদহ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসন্তপুর এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসছিলেন ফারুক নামে এক মোটরসাইকেল আরোহী। চাঁপাইনবাবগঞ্জগামী মোটরসাইকেলটি হালকা বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন।
একই সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কসাইপাড়া নামক স্থানে রাজশাহী গামী একটি ট্রাক ও চাঁপাইনবাবগঞ্জগামী একটি বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।
এদিকে সকাল ৯টার সময় মহিশালবাড়ী বাজারে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।