মানিকগঞ্জ সদরে বাসচাপায় দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলা শহরের উত্তর সেওতা এলাকার হুমায়ুন আহম্মেদ (৫০) ও তার স্ত্রী ইয়াসমিন বেগম (৪০)। হুমায়ুন ঢাকা সিটি করপোরেশন ও ইয়াসমিন মুলজান পল্লীবিদ্যুৎ অফিসে চাকরি করতেন।
মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আবদুর রশিদ মৃধা জানান, গতকাল সকাল সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে করে ইয়াসমিনকে তার কর্মস্থলে পৌঁছে দিতে যান হুমায়ুন। এ সময় অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহন নামে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই হুমায়ুনের মৃত্যু হয়। আর ইয়াসমিনকে মুমূর্ষু অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। স্থানীয় গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা গেলেও চালক পলাতক।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জে ইজিবাইক-রিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক, রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক, খুলনায় ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক ও নেত্রকোনায় লরির চাকা উল্টে এর চালক নিহত হয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে :
ঢাকা : পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্যসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বিকেলে বিমানবন্দর ও যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। বিমানবন্দরে কাওলা এলাকায় বাসের ধাক্কায় জিয়াউর রহমান (৩০) নামে ওই পুলিশ সদস্য ও যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মো. রাজু (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিমানবন্দর থানার ওসি কায়কোবাদ কাজী জানান, গতকাল বিকেলে কাওলা ফুটওভার ব্রিজের নিচ দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন সিআইডির এএসআই জিয়াউর রহমান। এ সময় বলাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জিয়াউর রহমানের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।
যাত্রাবাড়ী থানার এসআই আক্তার হোসেন জানান, গতকাল বন্ধু আরিফকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রায়েরবাগ থেকে তালতলার উদ্দেশে যাত্রা করেন রাজু। পথে হানিফ ফ্লাইওভারের ওপর আল বারাকা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তারা দুজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালকসহ বাসটি জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে ইজিবাইক ও রিকশার মুখোমুখি সংঘর্ষে রিকশাচালক মো. হান্নান মিয়া (৭০) নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের শিমরাইল অ্যাপোলো ইস্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হান্নান ডেমরা থানার সারুলিয়া বকুলতলা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে শিমরাইল মোড় থেকে ডেমরাগামী ইজিবাইকটি অ্যাপোলো মিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক হান্নানের মৃত্যু হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মনির হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা গেলেও চালক পলাতক।
রাজশাহী : গোদাগাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফারুক (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বসন্তপুর জামদানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারুক বাঘা উপজেলার সোনাদহ গ্রামের জসিমউদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে বসন্তপুর এলাকায় হালকা বৃষ্টিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফারুকের মৃত্যু হয়। এছাড়া একইদিন সকালে একই মহাসড়কের কসাইপাড়া নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন ও মহিশালবাড়ী বাজারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা : খালিশপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ (৪৫) নামে ইজিবাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গতকাল বিকেলে নগরীর বয়রা পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মফিজ খালিশপুরের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে দুজন যাত্রী নিয়ে ইজিবাইকটি সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে বয়রা পুলিশ লাইনের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালকের মৃত্যু হয়। খালিশপুর থানার ওসি সাব্বিরুল আলম জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা : দুর্গাপুরে বালুভর্তি লরির চাকা উল্টে এর চালক দীন ইসলাম (৩৫) নিহত হয়েছেন। গতকাল বিকেলে পৌর শহরের ১নং বালুর ঘাটে এ দুর্ঘটনা ঘটে। দীন ইসলাম শহরের ৬নং ওয়ার্ডের বালিকান্দি এলাকার আবদুল মাজিদের ছেলে। দুর্গাপুর থানার এসআই মো. আসাদুজ্জামান জানান, বিকেল ৩টার দিকে বালুভর্তি লরিটির সামনের চাকা ওপরে উঠে যায়। এতে ইঞ্জিন ও বডির সংযোগ স্থানটি ভেঙে গেলে চালক দীন ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।