গাজীপুরে নিখোঁজের দুদিন পর গর্ত থেকে হাসনা (৮) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় সাগরে ডুবে যাওয়ার চার ঘণ্টা পর মঞ্জুর আলম (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গাজীপুরে মারা যাওয়া হাসনা রংপুরের তারাগঞ্জ থানার জগদীশপুর গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। সে কোনাবাড়ী এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। হাসনা পরিবারের সঙ্গে কোনাবাড়ী খোলাপাড়া এলাকার জহির দেওয়ান মাতবরের বাড়িতে ভাড়া থাকত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার এসআই আবু সাইদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার দুপুরে হাসনা খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে বাড়ির পাশের একটি গর্ত থেকে গতকাল রবিবার ভোররাত সাড়ে ৪টার দিকে শিশুর লাশ উদ্ধার করে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও কোনাবাড়ী থানার পুলিশ। শিশুর শরীরে আঘাতের চিহ্ন ছিল না।
চট্টগ্রামের আনোয়ারায় সাগরে ডুবে যাওয়ার চার ঘণ্টা পর রাত ৯টার দিকে জেলে মঞ্জুর আলমের (২৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জুর উপজেলার রায়পুর ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের আহমদ ছফার ছেলে।