‘এমপির দল করি, শেখ হাসিনার নয়’

খুলনার সেই যুবলীগ নেতা আজিজুলকে বহিষ্কার

শেখ হাসিনার দল নয়, স্থানীয় সংসদ সদস্যের দল করেন বলে দম্ভোক্তি প্রকাশ করা খুলনার পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আজিজুল হাকিমকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা যুবলীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে জেলা আওয়ামী যুবলীগের কাছে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে গত ৮ আগস্ট উপজেলার চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আলহাজ মুনছুর আলী গাজীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের এক পর্যায়ে আজিজুল হাকিম ওই দম্ভোক্তি প্রকাশ করেন।

ওই কথোপকথনের একটি অডিও ক্লিপ দ্রুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীদের মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে। এক সময় সেটি ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা তৈরি হয়। এ নিয়ে ‘এমপির দল করি, শেখ হাসিনার নয়’ শিরোনামে গত সোমবার দেশ রূপান্তরে একটি প্রতিবেদন প্রকাশ হয়।

আজিজুল হাকিম উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু তাকে পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন বলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

কথোপকথনের ব্যাপারে জানতে চাইলে চাঁদখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মুনছুর আলী দেশ রূপান্তরকে বলেন, ‘ওই ছেলেটি (আজিজুল হাকিম) আমার কাছে ফোন করে জানতে চায়, আমি স্থানীয় আওয়ামী লীগের কোন পক্ষে। আমি তাকে বলেছি, আমি বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগের রাজনীতি করি। আমি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দল করি। আমি কারও পক্ষ হয়ে দল করি না। এক পর্যায়ে সে আমাকে উল্টাপাল্টা কথা বলে। আসলে এসব সুবিধাবাদীরা দলের জন্য ক্ষতিকর। এরা সুযোগসন্ধানী। তার বিরুদ্ধে দ্রুত দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

পাইকগাছা উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনিসুর রহমান মুক্ত বলেন, ‘সে (আজিজুল হাকিম) যে কথা বলেছে তা সম্পূর্ণ সংগঠন পরিপন্থী ও ঔদ্ধত্যপূর্ণ। তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী যুবলীগের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’