কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে প্রতিবন্ধীর ভাতার ৯ হাজার টাকা থেকে ৮ হাজার টাকা কেটে নিয়েছিলেন জয়নাল নামে এক ইউপি সদস্য। সংবাদ প্রকাশের জন্য খোঁজখবর নেওয়ার পর ওই ইউপি সদস্য পুরো টাকা ফেরত দিয়েছেন।
প্রতিবন্ধী মহুবর রহমান জানান, দেশ রূপান্তরের সাংবাদিক বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়ার পর গত রবিবার রাতে তাকে চেয়ারম্যান আবুল হোসেন ডেকে নেন। অনন্তপুর বাজারের ব্রহ্মপুত্র নদের পারে একটি চায়ের দোকানে জয়নাল মেম্বার তার কাছ থেকে নেওয়া ৮ হাজার টাকা ফেরত দেন। তখন সেখানে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান এবিএম আবুল হোসেন, ইউপি সদস্য মোজাফফর হোসেনসহ কয়েকজন ব্যক্তি।
মহুবর জানান, টাকা ফেরত দেওয়ার পর তাদের চোখেমুখে হতাশা লক্ষ করেন তিনি। এতে তিনি ওই টাকা থেকে ২ হাজার টাকা চেয়ারম্যান-মেম্বারদের ‘চা খেতে দেন’। তিনি আরও জানান, এ সময় তার কাছ থেকে অভিযোগ প্রত্যাহারের জন্য একটি কাগজে সই নেন তারা।
চেয়ারম্যান এবিএম আবুল হোসেন জানান, টাকা ফেরতের মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। তবে এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই।
উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান ঘটনা শোনার পর বলেন, অভিযোগ প্রত্যাহার করার আবেদন দিলেও তা কার্যকর হবে না। এ রকম করলে ওই প্রতিবন্ধীর ভাতা বন্ধ করে দেওয়া হবে।