তারেক-মিশুক স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার বিশেষ আয়োজন রাখা হয়েছে।

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের কর্মসূচি গ্রহণ করেছে।

বুধবার রাত ৯টায় অনলাইনে স্মরণ আলোচনাটি অনুষ্ঠিত হবে। যা ম্যুভিয়ানার ফেইসবুক পেজে সরাসরি দেখা যাবে।

স্মৃতিতর্পণে অংশগ্রহণ করবেন চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, চলচ্চিত্র গবেষক অধ্যাপক ফাহমিদুল হক, মানবাধিকার কর্মী আসিফ মুনীর, শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা প্রসূন রহমান এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে সংরক্ষিত তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বাংলাদেশে সড়ক ও মহাসড়কে নিহত সকল মানুষকে স্মরণ করা হবে।

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরসহ আরও তিনজন।