কুষ্টিয়ায় অনলাইন পোর্টালের দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের প্রধান সড়কের থানা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন অনলাইন পোর্টালের কর্মীরা।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ অনলাইন প্রেস ক্লাব ও অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম রেজাসহ অন্যরা।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর মরিচা ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরীফ উদ্দিন রিমনের স্বেচ্ছারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশ করায় তার বিরুদ্ধে ওই নেতার নিকটাত্মীয় কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন দৌলতপুর টুয়েন্টি ফোর নামে অনলাইন পোর্টালের বার্তা সম্পাদক তাশরিক সঞ্চয় ও স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক নাজমুল হোসেন।