হাতিয়ায় গমবোঝাই জাহাজ ডুবে ১৩ ক্রু নিখোঁজ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় গমবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে ভাসান চরের কাছে ডুবে যাওয়া জাহাজটির অন্তত ১৩ জন ক্রু নিখোঁজ রয়েছেন। 

গতকাল রাতে হাতিয়া কোস্টগার্ডের স্টেশনের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, স্রোতের তোড়ে জাহাজটির তলা ফেটে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি জানান, এমবি আক্তার বানু-২ নামের জাহাজটি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল। ডুবে যাওয়ার খবর পেয়ে কোস্টকার্ডের টহল দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এদিকে এমবি আক্তার বানু-২ এর মালিক মো. পারভেজ জাহান গতকাল রাত ১টার দিকে দেশ রূপান্তরকে জানান, জাহাজে থাকা ১৩ থেকে ১৪ জন ক্রুর সবাই নিখোঁজ রয়েছেন। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি। 

এদিকে গতকাল সকালেই এমবি সিটি-১৪ নামে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী আরেকটি জাহাজ হাতিয়ার ঠেঙ্গার চরের কাছে তলা ফেটে ডুবে যায়। চিনিবোঝাই সেই জাহাজের সব ক্রু জীবিত উদ্ধার হয়।