ঢাকা-৫ উপনির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন হারুন-অর-রশীদ

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুন-অর-রশীদ (সিআইপি)।

গতকাল সোমবার এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হারুন-অর-রশীদ ধানমন্ডিতে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় ঢাকা-৫ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, হাবিবুর রহমান মোল্লার অবর্তমানে আসনটির রাজনীতিতে নানা পরিবর্তনের আভাস ফুটে উঠেছে। অন্তঃকোন্দলের কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। এ অবস্থায় এই আসনে দলকে সুসংগঠিত করতে হারুন-অর-রশীদকে মনোনয়ন দেওয়া সঠিক সিদ্ধান্ত হবে বলে অনেকের মত।