ইউনাইটেডে অগ্নিকাণ্ড

মৃতদের পরিবারকে আপাতত দিতে হচ্ছে না ক্ষতিপূরণ

রাজধানীর গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে করোনা আইসোলেশন ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ, বিচারিক তদন্ত চেয়ে করা রিট আবেদনগুলো হাইকোর্টের নিয়মিত বেঞ্চে নতুন করে উপস্থাপন করতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এ ঘটনায় চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটির কার্যকারিতা এখন থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ১৫ জুলাই বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ চার পরিবারকে ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণের এ নির্দেশ দেয়। নিহত একজনের পরিবারের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে ইউনাইটেড হাসপাতাল কর্র্তৃপক্ষের সমঝোতা হওয়ায় এ বিষয়ে কোনো নির্দেশনা দেয়নি হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ইউনাইটেড হাসপাতাল কর্র্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত গত ২১ জুলাই আদেশটি স্থগিত করে ১৬ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য রাখে। এরই ধারাবাহিকতায় বিষয়টি গতকাল শুনানির জন্য আসে। ভিডিও কনফারেন্সে ইউনাইটেডের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, মোস্তাফিজুর রহমান খান ও তানজীব উল আলম। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন, অনিক আর হক ও হাসান এম এস আজিম। 

ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘আমরা আদালতকে বলেছি, একটি ভার্চুয়াল একক বেঞ্চ ক্ষতিপূরণের এ অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল। কিন্তু হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলায় রুলনিশি জারি হবে কি-না সেটি আমরা জানি না। তাই যতক্ষণ পর্যন্ত নিয়মিত বেঞ্চ এটা না শুনে রুল ইস্যু করছে তার আগেই যদি আমাদেরকে ক্ষতিপূরণ দিতে বলা হয় তাহলে এটি সমীচীন হবে না।’ তিনি আরও বলেন, ‘আপিল বিভাগ চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ অব্যাহত রেখেছে এবং হাইকোর্টের নিয়মিত বেঞ্চে রিট আবেদন উপস্থাপন করতে বলেছে। আদালত আদেশে বলেছে, হাইকোর্টের যেকোনো বেঞ্চে রিট আবেদন করার স্বাধীনতা রয়েছে আবেদনকারীদের। এখন আপিল বিভাগের এই আদেশের ফলে ইউনাইটেডকে আপাতত ক্ষতিপূরণের টাকা দিতে হচ্ছে না এবং হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা থাকছে না।’

গত ২৭ মে রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতালের করোনা রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ইউনিটে আগুন লাগে। এতে পাঁচজন রোগী মারা যান। এর মধ্যে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে হাসপাতাল কর্র্তৃপক্ষ জানায়।