‘দুই কাউন্সিলর প্রার্থীকে নিয়ে ট্রাম্প ছাড়া সব জায়গা থেকে তদবির এসেছে’

কিশোর গ্যাং সহ অপরাধ দমনে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বার। 

সম্প্রতি ৬নং ওয়ার্ডে মতি-সিরাজ নামে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে বিবদমান সংঘর্ষ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, তাদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ছাড়া সব জায়গা থেকেই তদবির এসেছে। কিন্তু আমি কোন অবৈধ তদবিরে কর্ণপাত করিনি। 

শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে তে তিনি প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার এই মন্তব্য করেন। 

তিনি বলেন, আর কিছুদিন পরেই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচন কে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। তাই পুলিশ প্রশাসন সহ আমাদের সকলকেই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। এ জন্য তিনি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে অনুরোধ ও পরামর্শ  দিয়ছেন। 

সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডকে সন্ত্রাসমুক্ত রাখতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, অপরাধী যে-ই হোক কোন ছাড় দেওয়া যেন না হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক রাসেল ও পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কমিউনিটি পুলিশিংয়ের সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক তাজিম বাবু, নাসিক ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, নাসিক ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সাদরিল ,নাসিক ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, কমিউনিটি পুলিশিংয়ের নাসিক ৫নং ওয়ার্ডের সভাপতি কবির হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এসপি জায়েদুল আলম আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকের সঙ্গে আমাদের কোন আপস নেই। সে যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্য যদি জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আপনারা সবাই সচেতন হোন। মাদকের এই ভয়াল ছোবল থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদক ব্যবসায়ীদের ঘুমাতে দেওয়া হবে না। সবাই ঐক্য হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেব না এবং আমার কোনো পুলিশ সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবে না।