দেশের প্রধান প্রধান নদনদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে ছয় ফুট পানি বৃদ্ধি পেয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে জোয়ারের পানি নামতে পারছে না। এতে উপকূলের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে লাখো মানুষ ভোগান্তি পোহাচ্ছে। ফসল ও মাছের ঘেরগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিগত তিন দিন ঝালকাঠির সুগন্ধা, বিশখালী ও হলতা নদীর পানি বেড়েছে। স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতার জোয়ারে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, বীজতলা ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ।