গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি

কম্পিউটার চুরির ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।

কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন। অন্যদিকে একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন এবং ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান ও ডিসি শাহিদা সুলতানার কাছে স্মারকলিপি দিয়েছেন। সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে নজরুল ইসলাম হীরার পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সহকারী রেজিস্ট্রার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেও তার পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক ভিপি আতিকুর রহমান পিটু।