জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরে প্ররোচনা দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের নায়েবে আমির আ ন ম শামসুল ইসলামসহ ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামে একটি আদালত।
মঙ্গলবার আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন।
আসামিদের মধ্যে আ ন ম শামসুল ইসলাম সীতাকুণ্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান।
অন্য পাঁচজন হলো- আইআইইউসি’র ট্রাস্টি বোর্ডের সদস্য আহসান উল্যাহ, বিজনেস ফ্যাকাল্টির ডিন মাহবুব রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক কাওসার আহমেদ, সাবেক সহকারী প্রক্টর নিজাম উদ্দিন ও কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
এদের মধ্যে আহসান উল্যাহ, মাহবুব রহমান ও কাওসার আহমেদ জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি আ ক ম সিরাজুল ইসলাম বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে আত্মসমর্পণ করতে এলে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় অভিযোগ করা হয়, ২৯ জানুয়ারি সকালে এই ছয় আসামির প্ররোচনায় ছাত্রশিবিরের ৭০ জন নেতাকর্মী আইআইইউসি ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে গিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে।
ওই ঘটনায় দণ্ডবিধির ১২৪ (ক) ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে চলতি বছর ১২ ফেব্রুয়ারি সীতাকুণ্ড থানায় মামলাটি করেছিলেন আইনজীবী কামাল উদ্দিন।