কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি আগামীকাল সোমবার প্রতিবেদন জমা দেবে। গতকাল শনিবার সন্ধ্যায় কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ড নিয়ে ১২টি সুপারিশ সংবলিত ৮০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। আমরা ঘটনার উৎস সম্পর্কে প্রতিবেদনে উল্লেখ করেছি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ করেছি।’
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যা সবার বিবেককে ব্যথিত করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা, পেশাদারিত্ব ও চেইন অব কমান্ড মেনে চলা উচিত। আমাদের দেওয়া সরকারি অস্ত্র যেন মানব থেকে দানবে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তবে পরের দিন এই কমিটি পুনর্গঠন করে চার সদস্যের করা হয়। এতে কমিটির প্রধান করা হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে।
কমিটির সদস্য করা হয় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. জাকির হোসেন ও সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডারের প্রতিনিধি লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদকে। গত ৩ আগস্ট কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে। সাত কর্মদিবসে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও চার দফা সময় বাড়ানো হয়।