স্বেচ্ছামৃত্যুর অনুমতি না পেয়ে ফ্রান্সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ব্যক্তি নিজের মৃত্যুদৃশ্য ফেইসবুকে লাইভ করার ঘোষণা দিয়েছিলেন। অ্যালা কক নামের ওই ব্যক্তি এমন এক জটিল সমস্যায় ভুগছেন, যার কোনো চিকিৎসা নেই। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শান্তিতে মারা যেতে চান তিনি। এ জন্য তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে অনুমতি চেয়ে আবেদনও করেন। কিন্তু ফরাসি আইন অনুযায়ী কাউকে এই অনুমতি দেওয়ার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।
এ অবস্থায় অ্যালা কক চেয়েছিলেন তার মৃত্যুদৃশ্য ফেইসবুকে লাইভ হোক। কিন্তু ফেইসবুক কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দেয়নি। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের চিঠির জবাব পাওয়ার পরেই গত শুক্রবার রাত থেকে খাদ্য, পানীয় ও ওষুধ সেবন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ৫৭ বছর বয়সী কক। তার ধারণা, এতে এক সপ্তাহেরও কম সময় বাঁচবেন তিনি। আর শনিবার থেকে নিজের সেই মৃত্যুদৃশ্য ‘ফেইসবুকে লাইভস্ট্রিম’ করবেন। তার ভাষ্য, এর মধ্য দিয়ে শুধু নিজের নয়, তার মতো পরিস্থিতিতে থাকা সবারই স্বেচ্ছামৃত্যুর ইচ্ছাপূরণ কেন জরুরি, সেটিও তিনি তুলে ধরতে চান। তিনি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন তা সবাই যাতে উপলব্ধি করতে পারেন এবং ভবিষ্যতে এই আইন পরিবর্তন হয় সেটি তার উদ্দেশ্য। পরিকল্পনা অনুযায়ী কক গত শনিবার ফেইসবুকে লাইভ শুরুও করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই তাকে ব্লক করে দেওয়া হয়।
শনিবারই বার্তা সংস্থা এএফপিকে ফেইসবুকের একজন মুখপাত্র বলেছেন, জটিল এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য অ্যালা কক যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটির প্রতি তাদের শ্রদ্ধা আছে। কিন্তু অ্যাকাউন্ট থেকে যাতে লাইভ ব্রডকাস্ট না করা যায় বিশেষজ্ঞদের পরামর্শে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের পরিস্থিতিতে যারা রয়েছেন, তাদের (স্বেচ্ছামৃত্যুর) অধিকারের জন্য ককের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল ম্যাক্রোঁ। অ্যালা ককের চিঠির জবাবে ম্যাক্রোঁ লিখেছেন, ‘যেহেতু আমি আইনের ঊর্ধ্বে নই, সেহেতু আপনার অনুরোধটি রাখতে পারছি না।’