নৌকায় এক লাখ ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজারের টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে উপজেলার লাফারঘোনা সংলগ্ন নাফনদীর তীর এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বুধবার বেলা পৌনে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।

তিনি জানান, টেকনাফ বিওপি একটি বিশেষ টহলদল নাফ নদীতে নিয়মিত টহলে যায়। রাতে  লাফারঘোনা বরাবর নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করবে এমন তথ্যে উক্ত স্থানে টহলদল অবস্থান নেয়।

কিছুক্ষণ পরে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকাযোগে নাফ নদীর কিনারায় ভিড়তে দেখে টহলদল সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা দূর থেকে বিজিবি টহল দলের উপস্থিতি লক্ষ্য করে নৌকা থেকে লাফিয়ে নেমে অন্ধকারের সুযোগ নিয়ে কেওড়া জঙ্গলে ভেতর দিয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে টহলদল ইয়াবা পাচারকারী ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে দুটি ব্যাগ উদ্ধার করে।

উদ্ধারকৃত ব্যাগ দুটি খুলে গণনা করে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যমানের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।