নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা

নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মাহাবুবুর রহমান মোল্যাকে (৩৮) পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বার ছানোয়ার মোল্যার ছেলে বর্তমান মেম্বার মাহাবুর মোল্যা রবিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় ফেদী বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ভুমুরদিয়া গ্রামে যাচ্ছিলেন।

গ্রামের একটি ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় বাঁশ ঠেকিয়ে তার গতিরোধ করে। এ সময় তাকে বেপরোয়াভাবে মারধর ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় তার মোটরসাইকেলটিকে পুড়িয়ে দেয়।

পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় মাহাবুরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করান।

আহতের বাবা সাবেক ইউপি সদস্য ছানোয়ার মোল্যা বলেন, ‘আমার ছেলে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে। এলাকায় মাদক প্রতিরোধেও তার যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে কি কারণে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছে তা এখনো বোধগম্য নয়। ঘটনার পর এখন পর্যন্ত ১৪ ঘণ্টা অতিবাহিত হলেও তার জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরলে হয়তো বিস্তারিত জানা যাবে। তবে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অথবা প্রতিপক্ষের লোকজন হামলা চালাতে পারে।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জোর চেষ্টা চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।