বিসিবির বিষয় পুনর্বিবেচনা করতে এসএলসিকে লঙ্কান মন্ত্রীর নির্দেশ

শ্রীলঙ্কা সফরের আগে দেশটির ক্রিকেট বোর্ড যে স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে, সেটিতে ঘোর আপত্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তাদের পাঠানো নির্দেশনা মেনে এই সিরিজ সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিষয়টি নজরে এসেছে শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসের। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) বলেছেন, দেশের কভিড টাস্কফোর্সের সঙ্গে আলোচনা করে বিষয়টি পুনর্বিবেচনা করতে।

অক্টোবরে শ্রীলঙ্কার মাটিতে তিন টেস্টের সিরিজ খেলার কথা টাইগারদের। সিরিজটি সামনে রেখে এ মাসের শেষ দিকে দ্বীপ দেশটিতে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু বিসিবি যেভাবে পরিকল্পনা সাজিয়েছিল, এসএলসির পাঠানো নির্দেশিকায় তা সম্ভব হচ্ছে না।

জাতীয় দল ও এইচপি মিলে বেশ বড় একটি বহর শ্রীলঙ্কায় পাঠানোর পরিকল্পনা ছিল বিসিবির। কারণ শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলার জন্য কোনো দল পাওয়া যাবে না।

কিন্তু এলএসসি জানিয়েছে, ৩০ জনের বেশি বহর নিয়ে যাওয়া যাবে না। তা ছাড়া শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হবে। এই সময়ে কোনো অনুশীলন করা যাবে না। থাকতে হবে হোটেলবন্দী।

এ ক্ষেত্রে বিসিবির অবস্থান হচ্ছে, ৭ দিনের বেশি কোয়ারেন্টাইন সম্ভব নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার এভাবে বলেছেন, ‘ওরা যে শর্তাবলি দিয়েছে এটা ইতিহাসে বিরল। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব নয়।’

এ অবস্থায় শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে সন্ধ্যায় টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা সবাই জানি যে কোভিড-১৯ মহামারি এখনো বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান, এই অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে। তবে এই অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে বলেছি কভিড টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনা করে বিসিবির ব্যাপারটি পুনর্বিবেচনা করতে।’