সাজাপ্রাপ্ত আসামিকে প্রবেশনে মুক্তি

ফেনীতে ১ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তির সাজা স্থগিত করে ৮ শর্তে প্রবেশন সুবিধা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এনায়েত পাটোয়ারী নামের (৫৩) এক ব্যক্তিকে এ সুবিধা দেওয়া হয়।

ফেনী জেলা জজ আদালতের পিপি হাফেজ আহমেদ জানান, ফেনীর আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তির প্রবেশন সুবিধা পাওয়ার ঘটনা এটিই প্রথম। আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ফেনী শহরের পলিটেকনিক কলেজের গেইট থেকে দেড় কেজি গাঁজাসহ ফুলগাজী উপজেলার উত্তর তারাকুচা গ্রামের এনায়েত পাটোয়ারীকে গ্রেপ্তার করে ফেনী মডেল থানার পুলিশ। তদন্ত শেষে এসআই শাখাওয়াত হোসেন অভিযোগপত্র দাখিল করার পর আদালত ৫ সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে। গতকাল এনায়েত পাটোয়ারীকে ১ বছরের কারাদ- ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদ-াদেশ দেয় আদালত। রায়ের পর আসামিপক্ষের আইনজীবী সাজাপ্রাপ্ত ব্যক্তির বয়স বিবেচনায় আদালতের কাছে প্রবেশনের (শর্তসাপেক্ষে মুক্তি) আবেদন করলে ৮ শর্তে তা মঞ্জুর করা হয়। শর্তগুলো হচ্ছে মাদক গ্রহণ, পরিবহন ও বিক্রয় না করা, মায়ের দেখাশোনা করা, ৫ ওয়াক্ত নামাজ আদায় করা, এতিমকে খাওয়ানো, গাছ রোপণ করা ইত্যাদি।

আদালতের বেঞ্চ সহকারী শাহনুর আলম শাহীন জানান, আদালত আসামির অপরাধের ধরন ও বয়স বিবেচনায় দন্ডাদেশ স্থগিত করে তাকে প্রবেশনের সুযোগ দিয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ফেনীর সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, আমাদের দেশের কারাগারগুলোতে মূলত সংশোধনের তেমন কোনো সুযোগ নেই। আসামিকে কারাগারে না পাঠিয়ে প্রবেশন দিলে সরকারি কর্মকর্তাদের তত্ত্বাবধানে থেকে সে প্রকৃতপক্ষেই সংশোধনের সুযোগ পাবে।