চট্টগ্রামে চুরির অপবাদ

দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যা

চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারে চোর সন্দেহে রমজান আলী রাসেল (২২) নামে এক দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে বাজারের এসএস টাওয়ারের আরাফাত স্টোরে এ ঘটনা ঘটে।

রাসেলের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি নগরীর আইস ফ্যাক্টরি রোডের ভাড়া বাসায় বসবাস করতেন। এ ঘটনায় দোকানের মালিক মো. আরাফাতের ছোট ভাই মো. আরমান (২৮) ও আরেক কর্মচারী মো. ইউনুসকে (৩৫) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। তবে মালিক পলাতক রয়েছেন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল ছয় মাস আগে এসএস টাওয়ারের নিচতলায় আরাফাত স্টোরে কাজ নেন। গুঁড়ো দুধ, আচার ও বিভিন্ন পণ্যের পাইকারি দোকানটির গুদামঘর একই ভবনের তৃতীয় তলায়। গতকাল সকালে গুদামে মজুদ মালামাল মেলানোর সময় দুধের প্যাকেটের কার্টন কম দেখতে পান মালিক আরাফাত। পরে রাসেল এগুলো চুরি করেছেন সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। এ সময় অভিযোগ অস্বীকার করলে দড়ি দিয়ে বেঁধে রাসেলকে বেদম মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আফাছ উদ্দিন বলেন, ‘আমার ছেলে ৮-১০ দিন আগে থেকে বলে আসছে সে আরাফাতের দোকানে আর চাকরি করবে না। কারণ হিসেবে সে বলে, মালিক অবৈধ মালামাল বিক্রি করেন, যেকোনো সময় ঝামেলা হতে পারে। আমরা তাকে চাকরি ছেড়ে দিতে বলেছি।’ তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আজ (গতকাল) সকালে রাসেলকে ডেকে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে আধমরা অবস্থায় আমাদের খবর দেওয়া হয়। লোকজন নিয়ে তাকে আনতে গেলে আরাফাত ও তার সঙ্গীরা আমাদেরও আটকে রেখে মারধর করেন। যতক্ষণে ছেলেকে পেয়েছি, তার মৃত্যু হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’

এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মো. আবদুর রউফ জানান, রাসেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হলেও দোকান মালিক আরাফাত পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।