চার নদী বন্দরে কাকলী প্রধানের আলোকচিত্র প্রদর্শনী ‘নদী নেবে!’

নতুন প্রজন্মের মাঝে নদ-নদীর রূপ ও প্রকৃতি জানানোর পাশাপাশি বর্তমান প্রেক্ষাপট তুলে ধরতে দেশের চারটি নদী বন্দরে চলছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। 'নদী নেবে!' শিরোনামে প্রদর্শনীটিতে স্থান পেয়েছে সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের ১০০ ছবি।

রবিবার বিকেলে, ঢাকা নদী বন্দরে (সদরঘাট লঞ্চ টার্মিনাল) প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্থপতি  ইকবাল হাবিব, বিআইডব্লিউটিএর পরিকল্পনা ও পরিচালন সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ব নদী দিবস-২০২০ উপলক্ষে 'নদী নেবে!'-এর আয়োজন করে শিশু সংগঠন 'ইকরিমিকরি'। প্রদর্শনীতে সহযোগিতা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

আয়োজক সংস্থা ইকরিমিকরি জানিয়েছে, ঢাকা নদীবন্দরের পাশাপাশি এক যোগে নারায়ণগঞ্জ, বরিশাল ও চাঁদপুর নদীবন্দরে প্রদর্শন হচ্ছে ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র। এতে বাংলাদেশের নদনদীর বিপন্নতা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের জন্য নদীর রূপ, প্রকৃতিও ফুটিয়ে তুলেছেন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান।

অনুষ্ঠানে দেশের নদী সমূহের দখল, দূষণ, ভাঙনসহ নানা তথ্য তুলে ধরেন আলোকচিত্রী কাকলী প্রধান। ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরে নদনদীর রূপ-প্রকৃতি ফেরাতে সঠিক ও কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

স্থপতি ইকবাল হাবিব বলেন, প্রভাবশালীসহ দখলবাজদের কারণে একের পর এক দখল হয়ে যাচ্ছে নদ-নদী। এই অবস্থা থেকে উত্তরণে বিভিন্ন সময় উদ্যোগ নেয়া হলেও নানা কারণে বাধাগ্রস্ত হতে হচ্ছে। এ অবস্থায়, নদীর প্রবাহ ঠিক রাখতে দখল উচ্ছেদ অভিযান পরিচালনায় বিআইডব্লিউটিএ-কে আরও ক্ষমতা দেয়া জরুরি। আশা করি, সংশ্লিষ্টরা বিষয়টি অনুধাবন করে পদক্ষেপ নেবে।

ইকরিমিকরি ও সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের প্রদর্শনীকে সময়োপযোগী উল্লেখ করে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক বলেন, নদী দখলমুক্ত করে স্বাভাবিক গতিপ্রকৃতি ফেরাতে বদ্ধপরিকর বিআইডব্লিউটিএ। এ লক্ষ্যে সারা দেশে নদনদী নিয়ে কাজ করা সংগঠন ও ব্যক্তিদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

উল্লেখ্য, সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান, শিশু সংগঠন ইকরিমিকরির অন্যতম উদ্যোক্তা। সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা ও শিশুদের কাছে নদীর রূপ, প্রকৃতি তুলে ধরার জন্যে অনেক দিন ধরে কাজ করছেন সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধান এবং ইকরিমিকরি।