কুষ্টিয়া ভেড়ামারা থানার একটি মাদক মামলায় রেন্টু ওরফে রিন্টু (৩৫) নামের এক যুবকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হলেন- কুষ্টিয়ার দোলতপুর উপজেলার কৈপাল গ্রামের বিল্লাল হোসেন শেখের ছেলে রেন্টু ওরফে রিন্টু (৩৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উত্তর ভবানীপুর হাওয়াখালী মাঠের চৌরাস্তা মোড়ে পুলিশের এক অভিযানকালে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ভর্তি কার্টুন বহন করার সময় রেন্টুকে আটক করে পুলিশ। এ ঘটনায় ভেড়ামারা থানার পুলিশ উপপরিদর্শক কে এম জাফর আলী বাদী হয়ে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ.বি. ১৯(১)র ৩(খ) ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত ফেনসিডিল এবং আটক রেন্টুকে গ্রেপ্তার দেখিয়ে ভেড়ামারা থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ০১৫ সালের ২০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ভেড়ামারা থানার এই মাদক মামলাটি চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রেন্টু ওরফে রিন্টুকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত।