নিজের জন্য প্রচ্ছদ করলেন সাদাত হোসাইন

ঔপন্যাসিক হিসেবে সাদাত হোসাইনের জনপ্রিয়তা বেশ চড়া। নানা ফরম্যাটের চলচ্চিত্র ও মিউজিক ভিডিও’র নির্মাতা হিসেবেও পরিচিত। ছবিও তোলেন। এবার নিজের উপন্যাসের জন্য প্রচ্ছদ করেছেন।

বেশ আগেই এ ঘোষণা দিয়েছেন। শুক্রবার প্রকাশ করলেন প্রচ্ছদের ছবি।

নতুন এই উপন্যাসের নাম ‘শেষ অধ্যায় নেই’। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে অন্যধারা থেকে।

এটি লেখকের রহস্যধর্মী রেজা সিরিজের দ্বিতীয় বই। প্রথম কিস্তি ‘ছদ্মবেশ’ বাজারে আসে গত বছর। উপন্যাসটি প্রথম ছাপা হয়েছিল দেশ রূপান্তর ঈদ সংখ্যা ২০১৯-এ।

ফেইসবুকে ‘শেষ অধ্যায় নেই’-এর কিছু অংশ শেয়ার করে প্রচ্ছদের বিষয়টি উল্লেখ করেন সাদাত। তিনি বলেন, “… তার আগে বিশেষ ঘটনার অংশ হয়ে নেই চলুন। প্রথমবারের মতো নিজের বইয়ের জন্য নিজেই করে ফেললাম প্রচ্ছদ। বহুকাল পরে ক্যামেরাও হাতে নিলাম, বসে গেলাম ফটোশপেও... জীবনে করা প্রথম প্রচ্ছদের জন্য নিজেকেই নিজে পাশ মার্কস দিয়ে দিয়েছি। সো, রেডি সেট গো...।”

ভক্ত ও অনুরাগীদের উদ্দেশ্যে সাদাত হোসাইন বলেন, “চাইলে যে কেউ প্রোফাইল পিকচার হিসেবেও ব্যবহার করতে পারেন এই কভার। সেটা বাড়তি অনুপ্রেরণা হবে নিঃসন্দেহে।”

আরও জানান, শিগগিরই ‘শেষ অধ্যায় নেই’-এর প্রিঅর্ডার শুরু হবে।

সাদাত হোসাইনের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে অর্ধবৃত্ত, নির্বাসন, মেঘেদের দিন, কাজল চোখের মেয়ে, মরণোত্তম, ছদ্মবেশ, তোমাকে দেখার অসুখ, মানবজনম, যেতে চাইলে যেও, নিঃসঙ্গ নক্ষত্র, অন্দরমহল, আরশিনগর ও জানালার ওপাশে।