বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক খুন

বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম বাচমং মারমা (৪৫)।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার জামছড়ি বাজারের একটি দোকানে বসে ছিলেন বাচমং। এ সময় ৬-৭ জনের একটি সন্ত্রাসী দল তাকে দোকান থেকে ডেকে বের করে রাস্তায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি। 

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আমরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছি। ঘটনার ব্যাপারে অনুসন্ধান চলছে। 

স্থানীয়রা জানান, বাচমং চার-পাঁচ বছর আগে বিএনপি সমর্থক ছিলেন। এরপর তিনি বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান। জনসংহতি সমিতির নেতাকর্মীদের সাথে তার ওঠাবসা ছিল। জামছড়ি বাজারের একটি ফার্মেসিতে তিনি পল্লী চিকিৎসক হিসাবে কাজ করতেন। গ্রাম্য সালিশ-বিচারের দলিলপত্র লেখার কাজও করতেন তিনি। 

এর আগে গত ৭ জুলাই পার্শ্ববর্তী বাঘমারা বাজারে জনসংহতি সমিতির ‘সংস্কার’ গ্রুপের ছয় নেতাকর্মী সন্ত্রাসী হামলায় নিহত হন।