রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।
সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর এবং পশ্চিম এশিয়ার অন্যতম ব্যবসাকেন্দ্র দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে। বিদেশে নয় দিনের চিকিৎসাকালে স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা তার সঙ্গে থাকবেন।
কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামুদি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। সফরসূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৭৬ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করান। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমাতে ভুগছেন।