জামালপুরে কিশোর ও যুবকের লাশ উদ্ধার

জামালপুরে পৌর এলাকার ছনকান্দা থেকে একজন ও ইসলামপুর উপজেলা থেকে অজ্ঞাত এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর গ্রামের দুলাল মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩০) জামালপুর পৌর এলাকার ছনকান্দায় শ্বশুরবাড়িতে তার ছেলেকে দেখতে আসেন। বুধবার সকালে শ্বশুরবাড়ির পাশে একটি আমগাছের ডালে নজরুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তর রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

অপরদিকে, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের আজমবাগ ফকিরাকান্দা এলাকার যমুনার দুর্গম চর থেকে বুধবার সকালে অজ্ঞাত এক কিশোর (১৩) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তর জন্য লাশটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।