নতুনদের প্রথম কবিতার বই প্রকাশ করবে ‘একুশের সংকলন’

নবীন কবিদের প্রথম বইয়ের প্রকাশনায় নতুন ধরনের উদ্যোগ নিয়েছে ‘একুশের সংকলন’। পত্রিকাটি কুড়ি বছর যাবৎ প্রতি একুশে ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়ে আসছে। সম্পাদনা করছেন কবি মারুফ রায়হান।

মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে তাৎপর্যপূর্ণ করে তোলা, সেই সঙ্গে একুশের অন্যতম অর্জন ‘একুশের বইমেলা’-কে অর্থবহ রূপ দেওয়ার প্রত্যাশায় বর্ণাঢ্য আঙ্গিকে সাজানো হয়ে থাকে একুশের সংকলনটি। একুশের বইমেলা উপলক্ষে প্রকাশিত কয়েক হাজার নতুন বই থেকে নির্বাচিত ৫০ বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিসহ রঙিন পুস্তিকা বা ক্রোড়পত্র প্রকাশ এটির বিশেষ আকর্ষণ। এ বছর থেকে পুস্তিকাটির ই-পেপার সংস্করণ মোবাইল-বান্ধব করা হয়েছে। যে কেউ মোবাইল ফোনে এই লিংক (www.banglamati.net/50-book) অনুসরণ করে চলতি বছরের নির্বাচিত ৫০ বই ছাড়াও বিগত ১২ বছরের নির্বাচিত বইগুলোর পরিচিতি পাঠ করতে পারবেন।

এবার একুশের সংকলনের নতুন উদ্যোগ ‘কবি-অভিষেক’। ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে প্রতি বছর অন্তত একজন নবীন কবির প্রথম কবিতার বই প্রকাশের ব্যবস্থা নেবে একুশের সংকলন।

জানুয়ারির শেষ সপ্তাহে ‘কবি-অভিষেক উৎসব’ অনুষ্ঠিত হবে। এতে অভিষিক্ত কবিকে উপহার হিসেবে নগদ অর্থ ও শুভেচ্ছা স্মারক দেওয়া হবে। অনুষ্ঠানে সদ্য প্রকাশিত গ্রন্থটি নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট কবিরা, কবির কবিতা থেকে আবৃত্তি পরিবেশিত হবে, থাকবে কবির অনুভূতি এবং পাঠকদের জিজ্ঞাসার উত্তর। এ জন্য নবীন কবিদের কাছ থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। বয়স সর্বোচ্চ ৩৩ বছর।

পূর্ণাঙ্গ পরিচিতিসহ কম্পোজ করা ওয়ার্ড ফাইল ও পিডিএফয়ে পাণ্ডুলিপিটি (কমপক্ষে ৪০টি কবিতা) নিচের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২০। ইমেইল অ্যাড্রেস: marufraihan71@gmail.com