সিএনজিচালক সুজন হত্যায় চালক কাসেম গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে সিএনজি চালক মিজানুর রহমান সুজন (৩৫) হত্যার আসামি অটোরিকশা চালক কাসেম (৬০) কে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা-পুলিশ।

হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে মঙ্গলবার রাত সোয়া ৯টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা থেকে আসামি কাসেমকে গ্রেপ্তার করা হয়।

বুধবার আটক কাসেমকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়া গোলচত্বর এলাকায় যাত্রী ওঠানো নিয়ে মারামারির ঘটনায় সিএনজি চালক মিজানুর রহমান সুজন (৩৫) নিহত হয়। অটোরিকশা চালক কাসেমের (৬০) বিরুদ্ধে পিটিয়ে এই হত্যার অভিযোগ উঠে। নিহত মিজানুর রহমান সুজন উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখ পাড়া মৃধাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গোলচত্বরে অটোরিকশায় যাত্রী ওঠানোর ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালক সুজনের সঙ্গে অটোরিকশা চালক কাশেমের কথা-কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় বড় লোহার তালা দিয়ে সুজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে সে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য আহত অচেতন সুজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত অটো রিকশাচালক কাশেমের বাড়ি দাশুড়িয়া ইউনিয়নের দরড়াপাড়া (মুচিপাড়া) গ্রামে। ঘটনার পর থেকেই ঘাতক কাসেম আত্মগোপন করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, নিহত সুজনের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।