পাবনার হেমায়েতপুরে এক ইউপি চেয়ারম্যান ও এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জমির দখল নিতে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কোনো ধরনের বৈধ কাগজ ছাড়াই ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে জোর করে জমির দখল নিতে চাইছেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আবদুল বারী বাকী ও হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা। এ জন্য সন্ত্রাসীদের দিয়ে পাঁচ একর জমির ফসল নষ্ট করে দিয়েছেন তারা।
মহসিন মালিথা নামে এক ক্ষতিগ্রস্ত চাষি জানান, দিনেদুপুরে আবদুল বারী বাকী ও চেয়ারম্যান আলাউদ্দিনের অনুসারী হামদুর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী আমাদের ফলন্ত জমির ফসল নষ্ট করে দেয়। তা ছাড়া সেখানে চাষাবাদ করলে তাদের হত্যা করা হবে বলে শাসিয়েও গেছে তারা।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা বলেন, চরভবানীপুরে অভিযোগকারী চাষিদের কোনো জমিই নেই। তারা জোর করে আমাদের জমিতে আবাদ করছে। ফসল নষ্টের অভিযোগও সঠিক নয়।