দুই আইনজীবীকে জরিমানা

প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা সুপ্রিম কোর্ট বারের

একটি রিট মামলার শুনানিতে দুই আইনজীবীকে জরিমানা, ‘অসৌজন্যমূলক’ আচরণ ও আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির তথ্য জানিয়ে এ ব্যাপারে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (সুপ্রিম কোর্ট বার)। গতকাল মঙ্গলবার সভাপতি এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের স্বাক্ষরিত এক আবেদনে এ আর্জি জানানো হয়।

আবেদনে বলা হয়, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। আইনজীবী ও বিচারকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকলেই শুধু আদালত সুষ্ঠুভাবে তার মহান দায়িত্ব পালন করতে পারেন। দেশের আইনজীবীরা আইন ও আদালতের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থেকে নিজেদের আইন পেশায় নিয়োজিত করেছেন। অথচ ইদানীং দুয়েকটি আদালতে মামলার শুনানিকালে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের বিভিন্নভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক।

এতে আরও বলা হয়, গত ৮ নভেম্বর রিট পিটিশন (নম্বর ১৩১৪২/২০১৯) এর শুনানি শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুজন সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল ইস্যু করা হয়েছে। শুনানিকালে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মামলা দায়ের কিংবা পরিচালনার কারণে আইনজীবীদের বিরুদ্ধে জরিমানা ধার্য কিংবা আদালত অবমাননার রুল ইস্যুর ক্ষেত্রে আদালতের কাছে সমিতি আরও সহনশীলতা প্রত্যাশা করে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানায়।

এর আগে গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির ছেলেকে হাইকোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে এ ধরনের রিট আবেদন করে আদালতের কর্মসময় নষ্ট করা হয়েছে উল্লেখ করে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসানকে ১০০ টাকা করে জরিমানা করে হাইকোর্ট। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে মন্তব্য করায় দুই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়।