১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণা এবং উপকূলীয় অঞ্চলের সুরক্ষার দাবিতে বরিশালে পদযাত্রা ও মানববন্ধন হয়েছে। অ্যাকশনএইড বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাব ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস নামে দুটি সংগঠনের যৌথ উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীতে পদযাত্রা শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপারসন আমিনুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেটের সমন্বয়কারী সোহানুর রহমান ও কোস্টাল ইয়ুথ অ্যাকশন হাবের ব্যবস্থাপক জুবায়ের ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, উপকূলের বিপুল জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখছে। এরপরও উপকূলের প্রায় পাঁচ কোটি মানুষ চরম ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন ঝুঁকি বাড়ছে। উপকূলবাসীর স্বাস্থ্য সুরক্ষায় রাষ্ট্রীয়ভাবে ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবি জানানো হয়।