স্কুলের মাঠে বাড়ি নির্মাণের অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ কতিপয় ব্যক্তি দখল করে ঘরবাড়ি নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে চোখে পড়ে মাঠের উত্তরাংশে জনৈক বগুড়া মেশিনারিজের স্বত্বাধিকারী হাসান সারওয়ার, বেলী বেগম, কাওসার, মোক্তার ও মাসুদ করিম কমপক্ষে ১৫ শতক জায়গা দখল করে বহুতলবিশিষ্ট ঘরবাড়ি নির্মাণ করেছেন। এ ছাড়া কাঠ, বাঁশ, বালু, ইট ও ইটের খোয়া ইত্যাদি নির্মাণসামগ্রী স্তূপ আকারে রেখে নিজেদের খেয়াল খুশিমতো তারা মাঠের জায়গা ব্যবহার করছেন। মাঠের পূর্বপাশে সীমানা ঘেঁষে বিল্ডিং তুলে মাছ ব্যবসায়ী আবদুর রশিদ।

দখলকারীরা জানান, তারা নিজেদের জমিতে ঘরবাড়ি নির্মাণ করেছেন।

জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেকউল্লাহ বলেন, দখলদাররা মাঠটিকে গ্রাস করছে। বাধা দিলেও কর্ণপাত না করে অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছে। তবে, মাঠের জায়গা উদ্ধারের জন্য ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, ভূমিখেকোরা শিক্ষাপ্রতিষ্ঠানের জায়গাতেও ছোবল হানছে। মাঠের অবস্থা দেখে আমি মর্মাহত। তবে এরা পার পাবে না। প্রয়োজনে অবকাঠামো ভেঙে মাঠের জায়গা পুনরুদ্ধার করা হবে।