বাংলাদেশে আইনি লড়াইয়ে যাচ্ছে ফেইসবুক

বাংলাদেশে আইনি লড়াইয়ে নামছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। ফেইসবুকের নাম ব্যবহার করে বাংলাদেশ থেকে একটি ডোমেইন চালানো হয় অভিযোগ করে আইনি পথে যাচ্ছে ফেইসবুক। ইতিমধ্যে তাদের লিগ্যাল টিমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মোকছেদুল ইসলামকে আইনীজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যারিস্টার মোকছেদুল জানান, ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশের আদালতে সহসাই মামলা করবে ফেইসবুক কর্র্তৃপক্ষ এবং বিষয়টি প্রক্রিয়াধীন।

এই আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, ‘সারা বিশে^ ফেইসবুক একটি ট্রেডমার্ক। এই নামে অন্য কেউ কোনো প্রতিষ্ঠান খুলতে পারবে না। কিন্তু ‘এ ওয়ান সফটওয়্যার লিমিটেড’ নামে বাংলাদেশি একটি প্রতিষ্ঠান ‘ফেইসবুক ডটকম বিডি’ নামে একটি দেশি ডোমেইন খুলেছে। ওই ডোমেইনটি ৬ মিলিয়ন ডলার বিক্রি করা হবে বলে জানতে পেরেছে।’

তিনি আরও বলেন, ‘ফেইসবুকের পক্ষ থেকে ওই ওয়েবসাইট বন্ধে বেশ কয়েকবার আইনি  নোটিস পাঠানো হলেও সেটি তারা এখনো বন্ধ করেনি। এরই অংশ হিসেবে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ফেইসবুক কর্র্তৃপক্ষ উদ্যোগ নিয়ে আমাকে অবহিত করে। ইতিমধ্যে তারা আমাকে কয়েকশ পৃষ্ঠার নথি সরবরাহ করেছে। এসব নথি পর্যালোচনা করে সহসাই আমরা ঢাকার সংশ্লিষ্ট আদালতে ক্ষতিপূরণের মামলা করব। একই সঙ্গে ওই ওয়েবসাইট পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চাওয়াসহ এর মাধ্যমে কেউ যাতে প্রতারিত না হন সে বিষয়েও আদালতের কাছে নির্দেশনা চাওয়া হবে।’