বিএনপির উদ্দেশে কাদের

কর্মসূচির নামে শান্তি বিনষ্টের জবাব দেবে সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়া হবে। গতকাল রবিবার কক্সবাজার জেলার বাংলাদেশ নৌবাহিনী শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা তিনি এ বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

সম্প্রতি বাসে আগুন দেওয়ার মাধ্যমে বিএনপি আবার জ্বালাও-পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতির জন্য জনগণ তাদের আন্দোলনে সাড়া না দেওয়ায় তারা আবার প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই হচ্ছে বিএনপির গণতন্ত্র বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব দলের রয়েছে, কিন্তু কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সমুচিত জবাব দেবে সরকার।’

বিএনপি অস্বীকার করলেও ভিডিও চিত্রে সব প্রকাশিত হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মুখচ্ছবি কখনো মুখোশ দিয়ে ঢাকা যায় না, কথামালার চাতুরী দিয়ে সব ভুলিয়ে রাখা যায় না। বিএনপি যেকোনো নির্বাচনে পরাজিত হলেই দোষ চাপায় সরকারের ও নির্বাচন কমিশনের ওপর আর জয়ী হলে বলে সরকার হস্তক্ষেপ না করলে আরও বেশি ভোটে জিততে পারত।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ বদলে দিয়েছে কক্সবাজারের সুনীল সমুদ্র অবলোকনের দৃশ্যপট। মেরিন ড্রাইভকে ঘিরে সম্প্রসারণের উদ্যোগও ইতিমধ্যেই নেওয়া হয়েছে।’ তিনি বলেন, রামু, ফতেখারকুল, মরিচ্যা জাতীয় মহাসড়ক উন্নয়নকাজ চলমান রয়েছে। কক্সবাজার লিংকরোড হতে লাবণী মোড় পর্যন্ত চার লেনের মহাসড়কের কাজ শিগগিরই শেষ হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে কক্সবাজার প্রান্তে এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য সাইমুন সরওয়ার কমল, আশিক উল্লাহ রফিক, জাফর আলম এবং সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তারা।