টিভি দেখে কৌশল শিখে রাসেল ভাইপার উদ্ধার!

ডিসকভারি চ্যানেল দেখে সাপ ধরার কৌশল শিখে একটি পুকুর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করেছেন মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার স্থানীয় এক ব্যক্তি।

রবিবার বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা এলাকার একটি পুকুরে সাপটির দেখতে পাওয়া যায়। অপু মন্ডল নামে এক স্থানীয় ব্যক্তি সাপটি সেখান থেকে উদ্ধার করে নিজ হেফাজতে রেখেছেন।

তিনি জানান, ডিসকভারি চ্যানেলে কীভাবে সাপ উদ্ধার করতে হয় দেখেছিলাম। ঠিক সেভাবেই সাপটিকে পুকুর থেকে অন্যত্র নিয়ে বস্তায় ভরে লোহার খাচায় রাখা হয়েছে। সাপটিকে কোন আঘাত করা হয়নি।

তিনি বলেন, পুকুরে মাছ ধরার সময় দেখি কচুরিপানার ভিতরে একটি ৪-৫ ফিটের মতো একটা সাপ লুকিয়ে আছে। প্রথমে মনে হয়েছিল অজগর। কিন্তু গুগলে সার্চ করে ছবি মিলিয়ে দেখি এটি রাসেইল ভাইপারের সাথে মিলে যায়।

তিনি আরও বলেন, স্থানীয়রা সাপটিকে মেরে ফেলতে চেয়েছিল। সাপটি উদ্ধারে কেউ এগিয়ে আসছিল না। এমন পরিস্থিতিতে সাহস নিয়ে এককভাবে সাপটিকে পুকুর থেকে উদ্ধার করে একটি বস্তায় ভরে লোহার খাঁচার ভিতর রাখি।

সাপটির ছবি চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাসকে পাঠানো হলে তিনি নিশ্চিত করেন সাপটি রাসেল ভাইপার।

তিনি জানান, আগামীকাল সাপটিকে নিয়ে যাওয়া হবে। যা ভেনম রিচার্স সেন্টারে অ্যান্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করা হবে। সাপটি না মেরে রক্ষা করার জন্য তিনি স্থানীয়দের ধন্যবাদ জানান। পাশাপাশি এই ধরনের বিষধর সাপ দেখতে পেলে বিশেষজ্ঞদের জানাতে এবং সাধারণ মানুষকে সাপের কাছে না যাওয়ার পরামর্শ দেন তিনি।