আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল। তাদের গঠনতন্ত্রের ৭ ধারা বাতিলের মাধ্যমে সেটাই তারা প্রমাণ করেছে। গতকাল বুধবার দুপুরে সাভারের নয়ারহাট দ্বিতীয় সেতুর চার লেন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সুবিধাবাদে বিশ্বাস করে বলে গঠনতন্ত্র থেকে এক রাতে কলমের খোঁচায় ৭ ধারা বাতিল করেছে। ৭ ধারায় বলা আছে, চিহ্নিত দুর্নীতিবাজরা নেতা কিংবা জনপ্রতিনিধি হতে পারবে না এবং মাদকসেবী বা দেউলিয়া কোনো ব্যক্তি বিএনপির নেতা হতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি সন্ত্রাসীদের লালন করে, তাদের আমলে কোনো দলীয় অপরাধীর অপরাধের বিচার হয়নি। দলগতভাবে তারা হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী এবং এটাই তাদের রাজনৈতিক ঐতিহ্য।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিলে আমরা যেখানে নিজেদের দলীয় নেতাকর্মী এমনকি জনপ্রতিনিধিদেরও ছাড় দিচ্ছি না, অন্যায় করলে পক্ষ নিচ্ছি না, প্রশ্রয়ও দিচ্ছি না। অথচ বিএনপি অনুসরণ করছে সন্ত্রাস ও তোষণের নীতি। তারা সরকারের উন্নয়নমূলক কাজের অন্ধ সমালোচনা করে যাচ্ছে। করোনাকালীন দুঃসময়ে বিএনপি জনগণের আরও করুণ অবস্থা প্রত্যাশা করেছিল। তারা বলেছিল, মানুষ না খেতে পেয়ে বিনা চিকিৎসায় রাস্তায় মরে পড়ে থাকবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই পরিস্থিতি হয়নি বলে বিএনপির মনে খুব জ্বালা।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘একদিকে বিএনপি নেতাকর্মীরা সন্ত্রাস করে জনগণের সম্পদ নষ্ট করবে, বাসে আগুন দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে। আবার ব্যবস্থাও নেওয়া যাবে না তাদের বিরুদ্ধে এমন মামাবাড়ির আবদার তারা করছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ, পৌর মেয়র গোলাম কবির মোল্লা প্রমুখ।
সরকারি অর্থায়নে নির্মাণকাজের উদ্বোধন করা ১৯৩ দশমিক ৩০ মিটার সেতুটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০৫ দশমিক ৭৩ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ১ নভেম্বর ২০২০ থেকে ৩১ অক্টোবর ২০২২ পর্যন্ত। সড়ক ও জনপথ অধিদপ্তর বাস্তবায়নে শুরু হওয়া কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হলো মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, হাসান টেকনো বিল্ডার্স লিমিটেড ও রানা বিল্ডার্স (প্রা.) লিমিটেড (জেভি)।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাট নামক তিনটি সেতু নির্মাণ প্রকল্পের অধীনে ১৯ দশমিক ৪০ মিটার প্রশস্ত সেতুটির সঙ্গে ৬ লেনবিশিষ্ট ৮০০ মিটার দৈর্ঘ্য ও ২৪ দশমিক ৬০ মিটার প্রশস্ত অ্যাপ্রোচ সড়ক, একটি আন্ডারপাস, ১৬০০ মিটার ইউলুপ সড়ক, একটি ফুটওভার ব্রিজ ও একটি বাস-বে নির্মাণ করা হবে।