সভায় নিষেধাজ্ঞা মৌলিক অধিকারের পরিপন্থী : ফখরুল

ঢাকা মহানগরীতে সরকারের পূর্বানুমতি ছাড়া সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিষয়টি সংবিধান ও মৌলিক অধিকার পরিপন্থী উল্লেখ করে এ গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি। গতকাল বুধবার রাতে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এ সিদ্ধান্ত জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকারের পরিপন্থী এবং গণতন্ত্র ও রাজনীতির জন্য অশনিসংকেত। কারণ সংবিধানে অবাধে সভা-সমাবেশ করার অধিকার যেকোনো নাগরিক ও সংগঠনের আছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংবিধান স্বীকৃত জনগণের এই অধিকার বিভিন্ন সময় কেড়ে নিয়েছে অথবা সংকুচিত বা নিয়ন্ত্রিত করেছে, যা সংবিধানের লঙ্ঘন।’

তিনি বলেন, ‘আজ (গতকাল) আবার হঠাৎ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দিয়ে পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার আবারও সংবিধান লঙ্ঘন করল। অথচ ক্ষমতাসীন দল বা তাদের সমর্থক সংগঠন কোনো পূর্বানুমতি বা শর্ত ছাড়াই যখন-তখন রাস্তা বা লোকালয় দখল করে সভা-সমাবেশ করছে।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘অনুমতির নামে সরকার রাজনীতিকে বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে নিয়ন্ত্রণ করছে, জনগণের অধিকার হরণ করছে। রাজনীতির স্বাভাবিক পথ রুদ্ধ ও সংকুচিত করছে। মূলত প্রশাসনকে অপব্যবহার করে জনরোষ ও গণআন্দোলন থেকে নিজেদের রক্ষা করতে সরকার সংবিধান স্বীকৃত জনগণের মৌলিক অধিকার হরণ করছে।’