বরিশালে এক দিনের সফরে এসেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
এই সফরে তিনি বরিশাল জেলা পুলিশের নতুন কার্যালয় উদ্বোধন করেছেন। এ ছাড়া আরও দুটি উন্নয়নকাজের উদ্বোধন করেন আইজিপি। পরে জেলা পুলিশ লাইনসে পুলিশের কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।
সোমবার বেলা ১১টায় হেলিকপ্টারযোগে বরিশাল পৌঁছান আইজিপি ড. বেনজীর আহমেদ। বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর পলিকেটনিক রোডের পাশে নবনির্মিত তিনতলা পুলিশ সুপার কার্যালয়ের উদ্বোধন করেন।
এ সময় ফলক উন্মোচন করে মোনাজাতে অংশগ্রহণ শেষে আইজিপি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে আইজিপির সঙ্গে বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ ভবনের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পুলিশপ্রধান গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
উদ্বোধন শেষে জেলা পুলিশ লাইনসে বরিশাল রেঞ্জের ছয় জেলা, মেট্রোপলিটনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ মহাপরিদর্শক। পরে তিনি জেলা পুলিশ লাইনসের নবনির্মিত প্রধান গেট ও পুলিশ অফিসার্স মেসের উন্নয়নকাজের উদ্বোধন করেন। পুলিশপ্রধানের সফর উপলক্ষে বরিশাল নগরীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়।