পাবনার ঈশ্বরদীতে জাতীয় পদকপ্রাপ্ত দুই কৃষক দম্পতির কৃষি খামারে রাতে হানা দিয়ে শতাধিক কলার কাঁদি গাছ থেকে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার গভীর রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকাররমপুর গ্রামের ময়েজ উদ্দিন খামারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কৃষক ময়েজ উদ্দিনের স্ত্রী জাতীয় পদকপ্রাপ্ত কৃষাণী বেলি বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ময়েজ উদ্দিন জানান, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার কাছ থেকে নামমাত্র মূল্যে ৮৫ বিঘা জমি লিজ নিয়ে সেখানে কলাসহ বিভিন্ন ফল, ফসলের খামার গড়ে তুলেছেন। সোমবার রাতে ইছাহক মালিথার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন খামারের ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শতাধিক গাছ থেকে কলার কাঁদি কেটে ফেলে রেখে যায়। গতকাল সকালে খবর পেয়ে তিনি বিষয়টি পুলিশকে জানান।