ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গনের নন্দিত ব্যক্তিত্ব প্রাণতোষ চৌধুরীর ৮৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর)। দিনটি উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘স্বরূপ-অরূপ প্রাণতোষ চৌধুরী’ শীর্ষক গ্রন্থ।
সাহিত্য একাডেমির উদ্যোগে প্রকাশিত এই বইটির প্রকাশক বেহুলা বাংলা। বইটির সম্পাদকমণ্ডলী প্রধান জয়দুল হোসেন এবং সম্পাদনা করেছেন মানিকরতন শর্মা।
আগামী শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সংগীতাঙ্গন মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে। এতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং প্রাণতোষ চৌধুরীর শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়ায় বাসায় গিয়ে বইটি প্রাণতোষ চৌধুরীর হাতে তুলে দেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বইটির সম্পাদক মানিকরতন শর্মা, সাহিত্য একাডেমির সদস্য নাঈম রহমান, শিবু পাল, প্রাণতোষ চৌধুরীর মেয়ে মিনাক্ষী চৌধুরী ও থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’র সম্পাদক পাভেল রহমান।
প্রাণতোষ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘জীবনে অনেক প্রাপ্তি আছে, মানুষের ভালোবাসা পেয়েছি। এর চেয়ে বড় কোনো প্রাপ্তি নেই। আমাকে যারা ভালোবাসেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। জীবন নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’
বইটির সম্পাদক মানিকরতন শর্মা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি অঙ্গনে প্রাণতোষ চৌধুরী বটবৃক্ষ। তাকে নিয়ে এই বইটি সম্পাদনা করতে পেরে ভীষণ ভালো লাগছে। তার হাতে বইটি তুলে দিতে পেরে ভালো লাগায় অন্য মাত্রা যোগ হয়েছে।’