শীতে কমলগঞ্জে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

চলতি মৌসুমে শীতের শুরুতেই মৌলভীবাজারের চা-বাগান ও বনাঞ্চল-অধ্যুষিত কমলগঞ্জের জনজীবনে বিপর্যয় নেমেছে। চ-শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঠান্ডাজনিত সর্দি, কাশি, জ্বরের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। হাটবাজার ও ফুটপাতে গরম কাপড় কিনতে মানুষ ভিড় করছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুদিন ধরে রোদের তাপ কমে যাওয়ায় শীত বাড়তে শুরু করেছে। গত বুধবার দিনভর সূর্যের দেখা মেলেনি। ফলে বনাঞ্চল ও চা-বাগানসমৃদ্ধ এলাকা হওয়ায় কমলগঞ্জ উপজেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে। করোনাকালে ঠান্ডা বৃদ্ধি পাওয়ায় সচেতন মহলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। কমেছে দিনমজুরদের আয় রোজগার। ঠান্ডায় গরম কাপড়ের অভাব বোধ করছেন নিম্ন আয়ের লোকজন। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। হাসপাতালগুলোতে রোগীর ভিড় বাড়ছে। আক্রান্তদের মাঝে শিশু ও বয়স্করাই বেশি।