স্বাস্থ্য সহকারীদের ধর্মঘট

হাকিমপুরে হাম রুবেলার টিকাদান শুরু হয়নি

সারা দেশের মতো দিনাজপুরের হাকিমপুরে স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। তাদের এই আন্দোলনের কারণে গত শনিবার থেকে হাম-রুবেলার ক্যাম্পেইন শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। সময়মতো শিশুদের টিকা দিতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন তাদের অভিভাবকরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ১৯তম দিনের মতো গতকাল রবিবার সকাল থেকে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মকা- বন্ধ রেখে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হাকিমপুর উপজেলা শাখার আয়োজনে নিয়োগবিধি সংশোধনসহ বেশ কয়েকটি দাবিতে গত ২৬ নভেম্বর থেকে এই কর্মসূচি চালিয়ে আসছেন তারা।

বাচ্চাকে টিকা দিতে নিয়ে আসা আজম খান বলেন, শনিবার থেকে হাম-রুবেলার টিকা দেওয়ার কথা পত্রপত্রিকায় দেখে ছেলেকে নিয়ে হাসপাতালে এসে শুনি যারা টিকা প্রদান করেন, তাদের নাকি কর্মবিরতি। আমার মতো অনেকেই সন্তানদের টিকা দিতে না পেরে হাসপাতাল থেকে ফেরত চলে গেছেন।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গাদ্দাফি শিকদার বলেন, সক্ষমতা না থাকায় হিলিতে আমরা হাম-রুবেলার ক্যাম্পেইন শুরু করতে পারিনি। আমাদের যারা হেলথ অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তারা আন্দোলনরত। যার কারণে আমরা কাজ শুরু করতে পারিনি।