‘নৌকাকে জেতাতে না পারলে পদ হারাবেন নেতারা’

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে বা জয়ী না হলে স্থানীয় নেতাদের পদ হারাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে আয়োজিত জনসভায় বক্তারা এসব কথা বলেন। পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু তোয়বুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

নানক বলেন, উন্নয়ন মানেই আওয়ামী লীগ, উন্নয়নের প্রতীক নৌকা। আগামী দিনে পৌরসভার উন্নয়ন দেখতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী জাকিয়া খাতুনকে জয়ী করতে হবে।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। মানুষের জনসমর্থন নিয়ে আমরা জয়ী হতে চাই। পঞ্চগড় পৌরসভা নির্বাচনে এবার আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুনকে নৌকা প্রতীকে জয়ী করতে না পারলে নেতাকর্মীদের পদ হারাতে হতে পারে।

এ সময় বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আওয়ামী লীগ নেতা আব্বাস আলী, মির্জা সারোয়ার হোসেন, আবু সারোয়ার বকুল, আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাকিয়া খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারেক, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল প্রমুখ।