সদ্য প্রয়াত কবি ও গদ্যকার হিমেল বরকতের সম্মানে প্রবর্তন করা হলো ‘হিমেল বরকত কবিতা পুরস্কার’। সহজিয়া পত্রিকার উদ্যোগে এই সাহিত্য পুরস্কার প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অকাল প্রয়াত কবি ও গদ্যকার হিমেল বরকত স্মরণে প্রতি বছর ১ লা ফাল্গুনে একজন বাংলাদেশি তরুণ কবিকে এ পুরস্কার প্রদান করা হবে। এ লক্ষ্যে আগামী ১ লা ফাল্গুন ১৪২৭ তারিখে ঘোষিত হবে হিমেল বরকত কবিতা পুরস্কার ২০২০। পুরস্কারের অর্থমূল্য ২৫০০০ টাকা।
এ পুরস্কারে অংশ নিতে চাইলে মানতে হবে কিছু নিয়মও। নিয়মাবলিগুলো হলো-
১. কবিতার বইটিকে হতে হবে সংশ্লিষ্ট বর্ষে প্রকাশিত প্রথম সংস্করণ।
২. কবির বয়স-সীমা : ২০ থেকে ৪০ বছর।
৩. কবির সম্মতি বা অনুমতি সাপেক্ষে প্রকাশক অথবা পাঠক অথবা কবি নিজে অথবা কবির পক্ষে যে-কেউ বইয়ের কপি জমা দিতে পারবেন।
৪. মোট ৫ কপি বই, কবি কর্তৃক স্বাক্ষরিত সম্মতিপত্র, কবির জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্রের অনুলিপি প্রেরণ করতে হবে।
বই পাঠাতে হবে এই ঠিকানায়: সুমন সাজ্জাদ, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। জমা দানের শেষ তারিখ : ১৫ জানুয়ারি ২০২১।
পুরস্কারের বিষয়ে কবি ও শিক্ষক সুমন সাজ্জাদ বলেন, ‘তারুণ্যের শক্তি ও সাহস, সত্য ও সুন্দর হয়ে কবি হিমেল বরকত বিরাজ করুন আমাদের মাঝখানে। এই অনুভূতি থেকেই এই পুরস্কার প্রদানের পরিকল্পনা করেছি আমরা। আমরা চাই তরুণরা তার কাজের সঙ্গে পরিচিত হোক, নতুন চিন্তায় উদ্বুদ্ধ হোক।’