সরকারি প্রতিষ্ঠানে ইয়াবার কারবার ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল নিয়ে কুতুবদিয়া দ্বীপজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দ্বীপের প্রত্যন্ত অঞ্চল তাবলের চর গ্রামের বন বিভাগের বিট কার্যালয়ে প্রকাশ্যে ইয়াবা সেবনের খবর ‘টক অপ দা কুতুবদিয়া’য় রূপ নেয়।
ভিডিওতে কৈয়ারবিল ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম টিটু ও বন প্রহরী আতিকুর রহমানকে স্থানীয় কয়েকজন বখাটে যুবকসহ ইয়াবা সেবন করতে দেখা যায়।
উপকূলীয় বন বিভাগের নিয়ন্ত্রণাধীন কুতুবদিয়া উপজেলা রেঞ্জের অধীন তাবলের চর বন বিট কার্যালয়ে প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হলেও বন বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, তাবলের চর বন বিট অফিসের বন প্রহরী আতিকুর রহমান দীর্ঘ ১৮ মাস ধরে এলাকায় ইয়াবার কারবারের পাশাপাশি ইয়াবা সেবন ও কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। এলাকার লোকজন বাধা দিলে বন মামলায় আসামি করার হুমকি দেন তিনি।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম তিন মাস আগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন বিষয়টি করলও কর্তৃপক্ষ তা কর্ণপাত করেনি বলে অভিযোগ করেন।
স্থানীয় মেম্বার মাহামুদুল করিম মনু বলেন, দীর্ঘদিন ধরে বন প্রহরী আতিকুর রহমান ইয়াবার কারবার ও অফিসে মাদকের আসর বসিয়ে ইয়াবা সেবন করে যুব সমাজ ধ্বংস করে যাচ্ছে। প্রতিবাদ করলে বন মামলায় আসামি করার হুমকি দেয়।
স্থানীয় রুহুল কাদের বলেন, তাবলের চর বন বিট অফিসের অধীনে ঝাউ বাগান, বাইন গাছ প্রতিনিয়তই প্রকাশ্যে জ্বালানির কাজে কাঠ হিসেবে বিক্রি করে এবং বিট অফিসের জায়গা লিজ দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে ওই টাকায় ইয়াবা ব্যবসা ও সেবন করে যাচ্ছে। বিট অফিসের এরিয়ায় নারীদের শীতকালীন সবজি চাষ করার সুযোগ দিয়ে যৌন নিগ্রহের ঘটনা ঘটাচ্ছে।
কুতুবদিয়া উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, বন প্রহরী আতিকুর রহমান কর্মস্থলে ইয়াবা কারবার ও ইয়াবা সেবনের বিষয়ে শুনেছি। তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে সরেজমিনে তাবলের চর বন বিভাগের বিট অফিসে গেলে অভিযুক্ত বন প্রহরী আতিকুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি। অফিস তালাবদ্ধ ছিল। ঘটনার ব্যাপারে জানার জন্য আতিকুর রহমানকে ফোনে কল করলে সংযোগ পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।