আড়াইহাজারে গ্যাসের আগুনে দগ্ধ রেস্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপের লিকেজ থেকে আগুনের ঘটনায় দগ্ধ ফরিদ মিয়ার মৃত্যু হয়েছে।

তিনি স্থানীয় ছোট বিনাইরচর এলাকার মৃত আনছার আলীর ছেলে। বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২ জানুয়ারি আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থিত দুবাই প্লাজার পাঁচ তলায় রয়েল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানে গ্যাসের সঞ্চালন পাইপ থেকে আগুনের ঘটনায় তিনি দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মৃতের ভাই রাজু মিয়া দেশ রূপান্তরকে বলেন, আগুনে ফরিদের শরীরের অধিকাংশই পুড়ে যায়। ঘটনার পর থেকেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি মৃতের পরিবার সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।