ভারতীয় ডিজাইনার সত্য পাল মারা গেছেন। বুধবার রাতে কোয়েম্বাতুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
গত ২ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সত্য। তারপর থেকে চিকিৎসা চলছিল হাসপাতালে। ধীরে ধীরে শারীরিক উন্নতিও হচ্ছিল।
সত্য পাল চেয়েছিলেন বাড়ি ফিরতে। তার ইচ্ছাকে গুরুত্ব দিয়েই ফিরিয়ে আনা হয় ইশা যোগ কেন্দ্রে। এখানেই গত পাঁচ বছর ধরে থাকছিলেন তিনি। বুধবার রাতে সেখানেই মৃত্যু হয়।
ভারতের প্রখ্যাত ডিজাইনার ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সত্য পাল। স্থানীয় ফ্যাশনের ধ্যানধারণা বদলে দেন তিনি।
১৯৮৫ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড সত্য পাল। পলকা ডট, জেব্রা প্রিন্টের মতো আরও নানা নকশার শাড়িও তৈরি করতেন সত্য পাল; যা এখনো গোটা ভারতে স্বতন্ত্র মৌলিক কাজ ও প্রিন্টের জন্য।
এর পাঁচ বছর আগে ভারতের প্রথম শাড়ি বুটিক চালু করেছিলেন সত্য পাল।
পরবর্তীতে শাড়ি ছাড়াও স্কার্ফ, টাইয়ের মতো জিনিসও ডিজাইনের পরিধি বাড়িয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার ডিজাইনারের মৃত্যুর খবর জানান তার ছেলে পুনিত নন্দা। এক বিবৃতিতে লেখেন, বাবার একমাত্র ইচ্ছা ছিল হাসপাতালে তাকে যে সব যন্ত্রের মাধ্যমে চিকিৎসা করা হচ্ছে সে সব থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে, যাতে তিনি সুদূরে ভেসে যেতে পারেন। সেই ইচ্ছাকে সম্মান জানিয়েই হাসপাতাল থেকে ফিরিয়ে আনা হয়।
১৯৪২ সালে জন্ম সত্য পালের। শেষ জীবনে আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হন তিনি। দার্শনিক জে কৃষ্ণমূর্তির বক্তব্য শোনার পরই বদলে যায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি। পরে ১৯৯০ সালে ওশো রজনীশের কাছাকাছি আসেন। ২০০৭ সাল থেকে যোগের পথে চলতে শুরু করেন তিনি। ইশা যোগ কেন্দ্রে থাকতে শুরু করেন ২০১৫ থেকে।