পটুয়াখালীতে মানববন্ধন

প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

পটুয়াখালীর কলাপাড়ায় গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনের ওপর ম্যানেজিং কমিটির সভাপতির হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষক সোহেলা পারভীন, নাজমুস সাকিব খান কণা, প্রভাষক মাসুম বিল্লাহ ও পলাশ।

বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক শামসুদ্দিনের ওপর হামলায় অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত গত শুক্রবার দুপুরে গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে চেয়ার দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষক শামসুদ্দিনকে রক্তাক্ত জখম করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান। ওই শিক্ষক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে হান্নান খান বলেন, ওই শিক্ষকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়েছে। তাকে মারধরের অভিযোগ ঠিক নয়।